দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গলায় ফাঁস নিয়ে রাজিউর রহমান রাজু (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
শনিবার (৪ এপ্রিল) রাতে তার শয়ন কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
রাজু ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের পিতাইছড়ি গ্রামের পারলত আলীর ছেলে।
রাজুর স্ত্রী মরজিনা বেগম বলেন, গেল ছয় মাস ধরে রাজু অনলাইনে জুয়ায় আসক্ত ছিল। শনিবার সারাদিন ঘরে একা বসে অনলাইনে জুয়া খেলেছে। ৭০ হাজার টাকাও ছিল তার কাছে। এর আগে জুয়া খেলে ৬ মাসে ২০ লাখ টাকা হেরেছে। স্থানীয় বাজার থেকে মোবাইল ব্যাংকিং-এ ব্যালেন্স ভরে ঘরেই জুয়া খেলত। তবে কোন সময় গলায় ফাঁস দিয়েছে পরিবারের কেউ দেখেনি। দীর্ঘ সময় ঘর থেকে বের না হওয়ায় সন্ধ্যায় ডাকাডাকি করি। ভেতর থেকে সাড়া না পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ পাই।
রাজুর বাবা পারলত আলী বলেন, ছেলে অনলাইনে জুয়া খেলে সব পুঁজি শেষ করেছে। কিছু ধার-দেনা করেছিল, জমি বিক্রি করে শোধ করে দিয়েছি। শুনলাম শনিবারও অনেকগুলো টাকা হেরেছে। বাজার খরচের টাকাও ছিল না। আমি সারাদিন বাড়িতেই ছিলাম। টাকা চাইলে আমি দিতাম, কিন্তু দুটো সন্তান আর স্ত্রীকে রেখে গলায় ফাঁস দিল কেন।
বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃতের পরিবারের কারো অভিযোগ নেই।
জেবি