দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আজ ৩০ এপ্রিল। ১৯৭১ সালের এই দিনে শেরপুরের ঝিনাইগাতীর জগৎপুর গ্রামে পাকবাহিনী নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে ৪৫ জন নিরিহ গ্রামবাসীকে।
স্বাধীনতার ৫৩ বছর পার হলেও এই গ্রামে শহীদদের উদ্দেশে নির্মিত হয়নি কোনো স্মৃতিসৌধ। অযত্ন আর অবহেলায় পড়ে আছে শহীদদের গণকবর। জেলার বীর মুক্তিযোদ্ধাদের দাবি অন্তত আগামী প্রজন্মকে জানানোর জন্য হলেও এই গণহত্যার স্মৃতিকে স্মরণীয় রাখতে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হোক।
যদিও গত বছর শেরপুরের তৎকালীন পুলিশ সুপার মো. কামরুজ্জামান জগতপুরে একটি স্মৃতিসৌধ নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। সেইসঙ্গে তারা সেবছর সেখানে একটি অনুষ্ঠান করেছিলেন।
কিন্তু তিনি শেরপুর থেকে বদলি হয়ে যাওয়ার পর সেই স্মৃতিসৌধ নির্মাণের কাজটি হয়নি।
জানা গেছে, শেরপুর শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে ঝিনাইগাতী উপজেলার হিন্দু অধ্যুষিত গ্রাম জগৎপুর। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী আর দেশীও দোসররা মিলে গ্রামটিকে ঘিরে ফেলে তিনদিক থেকে। চালায় হত্যা, ধর্ষণ, লুট, অগ্নিসংযোগ।
গ্রামবাসীরা প্রাণের ভয়ে পাশের রঙ্গা বিলে আশ্রয় নেয়। ফলে প্রাণ হারায় ৪৫ জন নিরীহ গ্রামবাসী। আহত হয় প্রায় অর্ধশতাধিক নিরীহ গ্রামবাসী। সেদিনের সেই ভয়াল স্মৃতি বুকে নিয়ে আজো বেঁচে আছেন অনেকেই। সেই স্মৃতি আগামী প্রজন্মকে জানানোর জন্য হলেও একটি স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানান গ্রামবাসী।
জেলার বীর মুক্তিযোদ্ধাদেরও দাবি অন্তত আগামী প্রজন্মকে জানানোর জন্য হলেও এই গণহত্যার স্মৃতিকে স্মরণীয় রাখতে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হোক।
শুধু গণকবর আর স্মৃতি সৌধই নয় সেদিনের হত্যাকাণ্ডে কতজন প্রাণ দিয়েছিলেন এর সঠিক তালিকা নির্ণয় করে অবহেলিত পরিবারগুলোকে সঠিক মূল্যায়নের কথাও বলেন এলাকাবাসী।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতারুজ্জামান আক্ষেপ করে বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার। অথচ ৫৩ বছর পেরিয়ে গেলেও আমরা সেই গণহত্যার কোনো খবর রাখি না। সরকার থেকে আমরা এই শেরপুরের জগতপুর গণহত্যা দিবসের কোনো চিহ্ন বা স্মৃতি স্মৃতিফলক পাইনি আজও। আমি জোর দাবি জানাই যেন অচিরেই জগতপুরে শহীদদের স্মরণে একটি স্মৃতিফলক বা স্মৃতিচিহ্ন করা হয়।
জেবি