দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুর রহমান বলেছেন, মধুখালী পঞ্চপল্লীতে নির্মাণ শ্রমিক দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনা দুঃখজনক ও হৃদয় বিদারক। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে, বাকীদের আটকের অভিযান চলছে।
বুধবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে মন্ত্রী আবদুর রহমান তার নির্বাচনি এলাকায় এসে উপজেলার নওপাড়া চোপেরঘাট গ্রামে নিহত সহোদরের বাড়িতে পরিবারের সাথে দেখা করে এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, এই বাংলার মাটিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করা হবে। যা দেখে আগামীতে কেউ এমন অপরাধ করার সাহস পাবে না। তবে এই ঘটনার পেছনে অন্য কোনো চক্রান্ত থাকতে পারে। সুতারাং এই চক্রান্ত কারা, কেন করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
আবদুর রহমান বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার মহাসড়ক অবরোধ করে পুলিশের ওপর হামলার মধ্য দিয়ে তারা আবার আরেকটা ঘটনার জন্ম দিতে চেয়েছিল। এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, কেউ ধৈর্য্যহারা হবেন না। প্রশাসন তদন্ত করে সকল দোষীদের আইনের আওতায় আনবে।
একই সময় রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমও পরিদর্শন করেন। তিনি বলেন, সব ধরনের হত্যাকাণ্ড ইসলামে নিষেধ আছে। ইসলাম শান্তির ধর্ম। ডুমাইনে যে ঘটনাটা ঘটানো হয়েছে সেটা সত্যি ন্যাক্কারজনক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাতে জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের পঞ্চপল্লীতে প্রতিমায় আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে সন্দেহজনকভাবে বিক্ষুব্ধ কিছু লোক স্কুল রুমের মধ্যে হাত বেঁধে মারধরের কারণে দুই শ্রমিক প্রাণ হারায়। এছাড়া আরও ৫ শ্রমিক আহত হন। এ ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৪ প্লাটুন বিজিবিসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
আরএ