দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে বাবা-ছেলেসহ ৩ জন নিখোঁজের ঘটনায় রিয়াদ আহমেদ রাজু ও ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জুয়েল নামের দুই জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার(১২ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে ঘটনাস্থলের অদূরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এখানো নিখোঁজ রয়েছেন নিহত রিয়াদ আহমেদ রাজুর ছেলে রামিন আরিদ (১৬)। তাদের বাড়ি ঢাকার মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে।
এ ঘটনায় নিহত মোহাম্মদ জুয়েল রানা ঢাকা ব্যাংকের গুলসান শাখায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ,ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, তারা ওই উপজেলার বেসনাল এলাকার তাদের স্বজন আলম মোল্লার বাড়িতে বেড়াতে আসে। পরে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ট্রলারে করে ৩০-৩৫ জন মিলে দিঘীরপাড় ইউনিয়নের ধানকোড়া এলাকায় পদ্মার শাখা নদীতে ঘুরতে বের হয়। এ সময় তারা বেশ কয়েকজন ট্রলার থেকে গোসল করতে নামে।
গোসল করার সময় রামিন নদীর স্রোতের তোড়ে ভেসে যেতে থাকলে তার বাবা ও খালু তাকে উদ্ধার করতে গিয়ে তারাও স্রোতের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হয়।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মুন্সিগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলা ফায়ার সার্ভিসের টিম ও নৌপুলিশ। পরে ঢাকার ডুবুরি দল উদ্ধার কাজে যোগ দেয়।
টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ মোস্তফা কামাল জানান, সংবাদ পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে এসে পৌঁছায়। ঢাকা থেকে ইতিমধ্যেই প্রশিক্ষিত ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে দুই জনের মরদেহ উদ্ধার করেছে। এখনো নিখোঁজ রয়েছে একজন।
মুন্সিগঞ্জ সদর থানার চর আব্দুল্লাহ নৌফাড়ির ইনচার্জ আবুল হাসনাত জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও নৌপুলিশের টিম উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।
এফএইচ