দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) সদ্য সাবেক মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু দায়িত্বে থাকাকালে করা নানা উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে ‘অপপ্রচারমূলক’ পোস্টার ডিজাইন করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে শামীম আশরাফ (৩২) নামের এক গ্রাফিক ডিজাইনারকে।
এ ঘটনায় সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ৫৪ ধারার মামলায় শামীম আশরাফকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠায় পুলিশ।
এর আগে, গত রোববার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শহরের আঠারোবাড়ি বিল্ডিং এলাকায় অবস্থিত শামীম আশরাফের মালিকনাধীন ব্যবসাপ্রতিষ্ঠান ‘গ্রাফিটি’ থেকে তাকে আটক করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, শামীম আশরাফকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
গ্রাফিটির কর্মীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিনসহ ছাত্রলীগের বেশকিছু নেতা গ্রাফিটিতে এসে মসিক মেয়র ইকরামুল হক টিটুর বিরুদ্ধে ‘অপপ্রচারমূলক’ পোস্টার তৈরি করতে নিষেধ করেন।
ওই সময় বিষয়টি তার ফেসবুকে লাইভ করছিলেন। এ ঘটনার কিছুক্ষণ পর গ্রাফিটিতে আসেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেয়র টিটুর বড় ভাই মো. আমিনুল হক শামীম। এ ঘটনার কিছুক্ষণ পর পুলিশ শামীম আশরাফকে আটক করে থানায় নিয়ে যায়।
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন সাংবাদিকদের বলেন, কারও বিরুদ্ধে কোনো সমালোচনা থাকলে, সেটি যৌক্তিকভাবেও প্রকাশ করা যায়। কিন্তু শামীম আশরাফ সিটি করপোরেশন ও মেয়রের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচারের জন্য বেনামি পোস্টার দিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। তার ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে হাতেনাতে এর প্রমাণ পাওয়া গেছে।
এদিকে এক তরুণ কবি ও গ্রাফিক ডিজাইনার শামীম আশরাফের ওপর অন্যায়ভাবে চড়াও হওয়ার অভিযোগ তুলে এবং গ্রাফিটিতে বসে ফেইসবুক লাইভে মানহানিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র প্রার্থী মো.এহতেশামুল আলম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিটি নির্বাচনে আমি একজন মেয়র প্রার্থী। এই অবস্থায় অপর একজন মেয়র প্রার্থীর বড় ভাই (আমিনুল হক শামীম) প্রকাশ্যে জনসম্মুখে এবং ফেসবুক লাইভে আমার নাম জড়িয়ে মানহানিকর অপপ্রচার করেছেন।
মূলত বিগত সংসদ নির্বাচনে তার পক্ষে নির্বাচন না করায় এবং নৌকার পক্ষে নির্বাচন করায় তিনি আমার ওপর ব্যক্তিগত ক্ষোভ থেকে আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছেন। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ সময় তিনি ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, শান্ত ময়মনসিংহকে যারা অশান্ত করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। অন্যথায় বঙ্গবন্ধুর আদর্শিক নেতাকর্মীরা তীব্র গণজোয়ার সৃষ্টি করলে এর দায়ভার জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে আমি মেনে নিতে পারব না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- মেয়র প্রার্থী অ্যাডভোকেট ফারামার্জ আল নূর রাজীব, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, আওয়ামী লীগ নেতা গোলাম সারোয়ার, মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল পাঠান প্রমূখ।
প্রসঙ্গত, আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এফএইচ