দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর কবিরহাটে ভাবীকে ব্লাকমেইল করে ২ লক্ষ টাকা চাঁদা দাবি ও অনৈতিক প্রস্তাবের অভিযোগে দেবরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় আপত্তিকর ভিডিওসহ একটি মোবাইল জব্দ করা হয়।
গ্রেপ্তার মোশারফ হোসেন টিটু (২২) জেলার কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের লাতু সওদাগর বাড়ির মৃত মিয়াধনের ছেলে। সে পেশায় একজন মোবাইল মেকানিক।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) রাতে জেলা শহর মাইজদী সুপার মার্কেটের ফুড ফিয়েস্তা চাইনিজ রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগকারী একজন গৃহবধূ। তার স্বামী ওমান প্রবাসী। গ্রেপ্তারকৃত মোশারফ হোসেন টিটু একজন মোবাইল মেকানিক এবং সম্পর্কে ভুক্তভোগী নারীর দেবর হয়। অভিযোগকারীর মোবাইল ফোনে সমস্যা দেখা দিলে ঠিক করে দেওয়ার জন্য দেবর টিটুকে দেয়। স্বামী প্রবাসী হওয়ায় তার অনুরোধে গৃহবধূ নিজের একটি ব্যক্তিগত ভিডিও তৈরী করে স্বামীকে পাঠান। পরবর্তীতে ভিডিওটি ডিলিটও করে দেন। কিন্তু ভিডিওটি মোবাইলের রিসাইকেল বিনে গিয়ে জমা হয়, সেটা অভিযোগকারির জানা ছিল না। টিটু মোবাইল ঠিক করার সময় ভাবির মোবাইল সেটের রিসাইকেল বিন চেক করে ভিডিওটা পেয়ে তার মোবাইলে নিয়ে যায়। গত ৮ জানুয়ারি রাতে টিটু ভাবির মোবাইলে ভিডিওটি পাঠিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার ভয় দেখিয়ে ২ লক্ষ টাকা দাবি করে। ভুক্তভোগী এত টাকা দিতে পারবে না বললে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়। এরপর ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীকে বিষয়টি জানায়। স্বামীর পরামর্শে গৃহবধূ জেলা পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার বিষয়টি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে তদন্তের দায়িত্ব দেয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ জানান, অভিযুক্ত যুবক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেয়। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এফএইচ