দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জের কুশিয়ারা নদীতে বড়শি দিয়ে সাড়ে ১৮ কেজির একটি বোয়াল মাছ ধরেছেন দিনমজুর বাচ্চু মিয়া।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে জগন্নাথপুরের রানিগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদীর ফেরিঘাট এলাকায় এই মাছটি ধরা পড়ে।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ ছয় মাস ধরে কুশিয়ারা নদীতে বড়শি ফেলতেন বাচ্চু মিয়া। কিন্তু বিগত ৬ মাসে তিনি তার বড়শিতে একটি মাছও লাগাতে পারেননি। তবে বৃহস্পতিবার প্রতিদিনের মতো সকালে তিনি কুশিয়ারা নদীর ফেরিঘাট এলাকায় বড়শি ফেললে দুপুরের দিকে তার বঁড়শিতে সাড়ে ১৮ কেজির একটি বোয়াল মাছ ধরা পড়ে। পরে তিনি তার সাড়ে ১৮ কেজির বোয়াল মাছটি জগন্নাথপুর মৎস্য আড়তে নিয়ে গিয়ে সাড়ে ২৬ হাজার টাকায় বিক্রি করেন । এ সময় মাছটি একনজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেন।
শৌখিন ওই মৎস্য শিকারি বাচ্চু মিয়া বলেন, আমি একজন দিনমজুর। কাজের ফাঁকে বড়শি দিয়ে মাছ শিকার করতে ভালো লাগে। তাই গত ছয় মাস ধরে কুশিয়ারা নদীতে বড়শি বেয়ে আসছি। এই ছয় মাসে একটি মাছও বড়শিতে লাগেনি। তারপরও আমি হতাশ হয়নি। প্রতিদিনের মতো আজও কাজের ফাঁকে কুশিয়া নদীতে বড়শি ফেলি। শেষমেশ এই মাছটি পেলাম। আমি খুবই খুশি।’
শখের মাছটি কেন বিক্রি করলেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এত বড় মাছ খাওয়ারও তেমন সামর্থ নেই আমার। তাই বিক্রি করে দিয়েছি। যে টাকা পেয়েছি তাতে সংসারের অনেক দিনের খরচ জোগাতে পারব।
জগন্নাথপুর বাজারের শাপলা মৎস্য আড়তের মালিক মোতাহির আলী বলেন, সাড়ে ১৮ কেজির ওই বোয়াল মাছটি ২৬ হাজার ৫০০ টাকায় কেনা হয়েছে। এই বছরের বাজারে এটি সবচেয়ে বড় মাছ।
জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান আক্তার বলেন, সাড়ে ১৮ কেজির একটি বোয়াল মাছ কুশিয়ারা নদীতে ধরা পড়েছে। কুসিয়ারা নদীতে আরও বড় বড় মাছ আছে।
জেবি