দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অপহৃত ভিকটিমকে বগুড়া জেলার নন্দীগ্রাম থানা এলাকা থেকে উদ্ধার ও অপহরণচক্রের মূল পরিকল্পনাকারী সাধন মণ্ডলকে গ্রেপ্তার করছে র্যাব-৫।
সোমবার (৮ জানুয়ারি) গভীর রাতে বগুড়া জেলার নন্দীগ্রাম থানাধীন ভাটারা ইউনিয়নের কালিয়াগারী গ্রামে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও সাধন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাধন মণ্ডল জেলার বড়াইগ্রাম উপজেলার চণ্ডিপুর গ্রামের শক্তি মণ্ডলের ছেলে। মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে র্যাব-৫ নাটোর সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৫ নাটোর সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার জানান, ভিকটিম বড়াইগ্রাম সরকারি কলেজে অধ্যয়নরত।
কলেজে যাওয়ার পথে আসামি সাধন মণ্ডল ভিকটিমকে প্রেম নিবেদন করত। গত বছরের ৬ ডিসেম্বর সকাল ১০টার দিকে ভিকটিম বাড়ি থেকে কলেজে যাওয়ার জন্য বের হয়। পরে সে আর বাড়িতে ফিরে না আসলে ভিকটিমের বাবা ভিকটিমকে খোঁজাখুঁজি করে। খোঁজখুঁজির একপর্যায়ে ভিকটিমের বাবা জানতে পারে যে, কলেজ গেটের সামনে থেকে সাধন মণ্ডল ভিকটিমকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে অপহরণ করে সিএনজি যোগে নিয়ে গেছে।
পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় অপহরণ মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি সাধন মণ্ডলসহ অন্যান্য এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার এবং মামলার ভিকটিমকে উদ্ধারের জন্য র্যাব-৫ এর সহযোগিতা চায়। পরে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার নন্দীগ্রাম থানাধীন কালিয়াগারী গ্রামে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা সাধন মণ্ডলকে গ্রেপ্তার ও অপহৃত ভিকটিমকে উদ্ধার করে। আসামিকে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
জেবি