দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রতীক বরাদ্দের তৃতীয় দিনে নৌকা হাতে পেয়েছেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম।
বুধবার (২০ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেন তিনি।
এ সময় নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ৯ ডিসেম্বর নৌকা মনোনীত প্রার্থী আব্দুস সালামের প্রার্থিতা বাতিলে ঋণ খেলাপের অভিযোগ এনে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছিলেন আসনটির সংসদ সদস্য ও নৌকা বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান।
সেই আপিলে নির্বাচন কমিশন (ইসি) আব্দুস সালামের প্রার্থিতা বাতিল করেন। পরে গত সোমবার (১৮ ডিসেম্বর) হাইকোর্ট কমিশনের সিদ্ধান্ত বাতিল করে বিচারপতি আবু তাহের সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ নৌকা প্রতীকে নির্বাচন করতে আব্দুস সালামের কোনো বাধা নেই বলে আদেশ দেন।
আদালতে মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট প্রবীর নিয়োগী ও অ্যাডভোকেট মতিউর রহমান ভূঁইয়া।
এর আগে গত ১৪ ডিসেম্বর আপিল শুনানি শেষে হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন (ইসি) ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালামের প্রার্থিতা বাতিল করেন।
প্রার্থিতা ফিরে পেয়ে মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম বলেন, আমিও আওয়ামী লীগ করি আর যিনি (স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিন) আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন তিনিও আওয়ামী লীগের বর্তমান এমপি। বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা আমাকে পছন্দ করে এবার নৌকা প্রতীক দিয়েছেন। এর আগেও এই আসনটিতে আমি দুই দুইবার আওয়ামী লীগের এমপি ছিলাম।
তিনি (আনোয়ারুল আবেদীন খান তুহিন) শেখ হাসিনার মার্কাকে স্বাগত না জানিয়ে সেটির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। যাই হোক বিজ্ঞ বিচারকমণ্ডলীদের যাচাই-বাছাইয়ে আমি প্রার্থিতা ফিরে পেয়ে প্রচারণায় নেমেছি। আশা রাখছি আগামী সাত জানুয়ারি জনগণের রায় আমার পক্ষেই আসবে।
জেবি