দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নাজিরপুরে বোরো ধানের বীজতলা রক্ষার জন্য দেওয়া ইঁদুর মারার তারে বিদ্যুতায়িত হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বড় আমতলা ও রঘুনাথপুর গ্রামে পৃথকভাবে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শেখমাটিয়া ইউনিয়নের বড় আমতলা গ্রামের মৃত আজিজ শেখের ছেলে লিটন শেখ (৪৫) ও একই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত মেসের সর্দারের ছেলে মোসলেম সর্দার (৬০)।
উভয়েই বোরো ধানের বীজতলা রক্ষার জন্য জমিতে দেওয়া ইঁদুর মারার তারে বিদ্যুতায়িত হয়ে মারা যায়।
নিহত লিটন শেখের স্ত্রী সেলিনা বেগম বলেন, তার স্বামী তাকে রোববার দুপুরের খাবার প্রস্তুত করতে বলে গোসলের উদ্দেশ্যে বের হয়ে যায়। এ সময় বাড়ির সামনের জমিতে বোরো ধানের জন্য দেওয়া বীজতলা দেখতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান। তার স্বামী পেশায় একজন ভ্যানচালক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অশিত কুমার মিস্ত্রী বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার বাম হাতের কনুই ও বাম পায়ের নিচের অংশে বিদ্যুতের স্পর্শে ক্ষতের চিহ্ন রয়েছে।
অপরদিকে, রোববার ভোরে জমিতে বোরো ধানের বীজতলা দেখতে যান মোসলেম সর্দার (৬০) নামে এক কৃষক। সেখানে বীজতলার ধান ইঁদুরের হাত থেকে রক্ষা করতে দেওয়া বৈদ্যুতিক তারে পেঁচিয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, শেখমাটিয়া ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে পৃথক স্থানে দুই কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ গিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেবি