দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। আয়কর রিটার্ন জমা না দেওয়া, হলফনামায় তথ্য গোপন ও ১ শতাংশ ভোটারের স্বাক্ষর না মেলার কারণে ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানিয়েছেন।
সোমবার (৪ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এ আসনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ছাড়াও গণফ্রন্টের সৈয়দা লিমা হাসান, বাংলাদেশ সুপ্রিম পার্টির এম. নিজামউদ্দিন লস্কর, এনপিপি’র শেখ আবুল কালাম এবং জাকের পার্টির মাহাবুর মোল্লার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন বাংলাদেশ কংগ্রেসের মো. সাহিদুল ইসলাম (মিটু), জাতীয় পার্টির শিশির চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মো. কামাল হোসেন।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার কাজী মাহবুবুল আলম এক প্রেস বিফ্রিংয়ে বলেন, গোপালগঞ্জ-৩ আসনে মোট ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। আজ (সোমবার) যাচাই-বাছাইকালে এর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন বাংলাদেশ কংগ্রেসের মো. সাহিদুল ইসলামের (মিটু) হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন ও বিদ্যুৎ বিল বকেয়া থাকায়, জাতীয় পার্টির শিশির চৌধুরীর আয়কর রিটার্ন ও দলীয় মনোনয়ন না থাকায় এবং স্বতন্ত্র মো. কামাল হোসেনের ১ শতাংশ সমর্থন যাচাইয়ের তালিকা সঠিক না থাকায় এই ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলেও তিনি জানান।
যাচাই-বাছাইকালে প্রধানমন্ত্রীর নির্বাচনি এলাকার উন্নয়ন প্রতিনিধি ও প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রধান এজেন্ট সাবেক সিনিয়র সচিব মো. শহিদ উল্লা খন্দকার, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, মেয়র মতিয়ার রহমান হাজরাসহ প্রধানমন্ত্রীর নির্বাচনি এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গোপালগঞ্জের ৩টি সংসদীয় আসন থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ মোট ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ১৬টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা এবং ৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
এইউ