দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নোয়াখালী জেলার ছয়টি সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত ছয় প্রার্থী ছাড়াও জাতীয় পার্টি, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন দলের ৫৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত নোয়াখালীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান ও জেলার স্ব স্ব উপজেলায় উপজেলা রিটার্নিং অফিসারের দপ্তরে এ সকল মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
সংসদীয় ছয়টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বিকল্প ধারা, বাংলাদেশের সাম্যবাদী দল, গণফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীসহ ৫৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক)
এ আসনে মোট ১১জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম ইব্রাহিম। তারসঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী জাহাঙ্গীর আলম, খন্দকার রুহুল আমীন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া গণফ্রন্ট, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, তরিকত ফেডারেশন, জাকের পার্টি, বাংলাদেশ কংগ্রেস ও একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নোয়াখালী-২ (সেনবাগ- সোনাইমুড়ি আংশিক)
এ আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোরশেদ আলম ছাড়াও তার সঙ্গে আওয়ামী লীগের চারজন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও জাতীয় পার্টি, জাসদ, বিএনএফ, কল্যাণ পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট, জাকের পার্টিসহ স্বতন্ত্র দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ)
এ আসনে মোট ১১জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুনুর রশিদ কিরন ছাড়াও এ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া জাতীয় পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল, জাকের পার্টি, জাসদ, সাংস্কৃতিক মুক্তি জোট ও দুজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর)
এ আসনে ৯জন প্রার্থী মনোনয়নপপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একরামুল করিম চৌধুরীর সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী একজন শিহাব উদ্দিন শাহিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিকল্পধারার প্রার্থী আবদুল মান্নানও মনোনয়নপত্র জমা দিয়েছেন এ আসনে। এছাড়া জাতীয় পার্টি, জাকের পার্টি, জাসদ, গণতন্ত্রী পার্টি, ইসলামিক ফ্রন্ট ও সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নোয়াখালী-৫ (কোম্পানিগঞ্জ-কবিরহাট)
এ আসনে মোট পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগের একক প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে গত বুধবার মনোনয়নপত্র জমা দেওয়া হয়। তবে কোনো বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী নেই। এছাড়া জাতীয় পার্টি, জাসদ, ইসলামিক ফ্রন্ট ও সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
নোয়াখালী-৬ (হাতিয়া)
এ আসনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোহাম্মদ আলীর স্ত্রী বর্তমান সংসদ সদস্য আয়শা ফেরদৌসও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র, জাতীয় পার্টি, বাংলাদেশের সাংস্কৃতিক মুক্তিজোট ও এনপিপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নোয়াখালীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ছয়টি আসনে ১৬টি রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ৫৫টি মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে।
জেবি