দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীলফামারীর জলঢাকায় বড় ভাইয়ের শটগানের গুলিতে সিরাজুল ইসলাম বসুনীয়া (৬০) নামের এক আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার কৈমারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সিরাজুল বসুনীয়া জলঢাকার কৈমারী বাজার এলাকার মৃত আফছার বসুনীয়ার ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জানা যায়, দীর্ঘদিন ধরে বড় ভাই সাইদুল বসুনীয়ার (৬৫) সঙ্গে সিরাজুল বসুনীয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে ফের ওই জমি নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই সাইদুল বসুনীয়া ঘর থেকে নিজের লাইসেন্স করা শটগান নিয়ে এসে গুলি ছোড়েন। এতে ছোট ভাই সিরাজুল বসুনীয়া বুকের ডান দিকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, ঘটনাস্থল থেকে শটগানটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।