দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আবদুল্যা আল নোমানের (প্রকাশ সুমন কারী) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ অক্টোবর) শহরের উত্তর তেমুহনী এলাকার নিজ বাড়ির পরিত্যক্ত টিনের ঘর থেকে তার মরদেহ উদ্ধার হয়।
এসময় ওই ঘর থেকে মাদকসেবনের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়। অতিরিক্ত মাদকসেবনের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। সুমন কারী লক্ষ্মীপুর পৌর এলাকার বাঞ্চানগর গ্রামের ক্বারী বাড়ির মৃত আমির হোসেন ডিলারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উত্তর তেমুহনী এলাকার বাঞ্চানগর গ্রামের নিজ বাড়ির একটি পরিত্যক্ত টিনের ঘরে বন্ধুদের নিয়ে আড্ডা দিতেন সুমন কারী। শনিবার বিকেলে প্রতিবেশীরা ওই ঘরটি ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান। বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে প্রতিবেশীরা সুমন কারীকে পড়ে থাকতে দেখেন। অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে সুমন কারীর লাশ উদ্ধার করে। একই সঙ্গে পুলিশ মাদকসেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।
স্বজনরা জানায়, বৃহস্পতিবার থেকে সুমন কারী আর ঘরে ফেরেননি। পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই এনামুল হক জানান, স্বেচ্ছাসেবক লীগের সাবেক ওই নেতার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনে তার মৃত্যু হয়েছে।
এইউ