দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি আছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোরশেদা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।
মোরশেদা বেগম বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি বুধবার (১৮ অক্টোবর) সকালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩০ হাজার ৩২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৩২৫ জন। আর মৃত্যু হয়েছে ১৩৫ জনের। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে ১০১ জন, ভোলা সদর হাসপাতালে ৯, বরগুনা সদর হাসপাতালে পাঁচ, পিরোজপুর সদর হাসপাতালে ১২, পটুয়াখালীর দুই হাসপাতালে সাত ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৫৯ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ৮২ জন, পটুয়াখালীতে ৩০, পিরোজপুরে ৫৯, ভোলায় ৩৫, বরগুনায় ৪৩ ও ভোলায় ১০ জন। বুধবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৮৬৫ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।
জেবি