দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাত্র ১৪ বছর বয়সী সামিয়া ওয়াশরুমে নিজের বিদ্যালয়ের পোশাক নিজেই পরিষ্কার করছিল। এসময় ওয়াশরুমের বাইরে দাড়িয়ে তার বাটন মোবাইল ফোন কেন কাজ করছে না এ নিয়ে সামিয়াকে বকাঝকা করেন সৎ মা। কিন্তু সামিয়া কোনো প্রতিবাদ করেনি। এর কিছুক্ষণ পর প্লাস্টিকের জগে ভরে গরম পানি এনে সামিয়ার শরীরে ঢেলে দেন সৎ মা। এতে সামিয়ার মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
মর্মান্তিক এ ঘটনাটি গত মঙ্গলবার রাতে গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবিথি ফনিরটেক এলাকায় ঘটেছে।
এ ঘটনায় পিতার দায়ের করা মামলায় সৎ মাকে বুধবার (৪ অক্টোবর) ভোরে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার সৎ মায়ের নাম নার্গিস আক্তার (২৬)। তিনি জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের আহসান উল্লাহ শেখের মেয়ে। নার্গিস আক্তার গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবিথি ফনিরটেক এলাকার শাহীন খানের দ্বিতীয় স্ত্রী।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, শাহীন খান তার দ্বিতীয় স্ত্রী নার্গিস আক্তার ও প্রথম সংসারের ৩ মেয়ে সামিয়া (১৪), মৌমিতা (১১), সাউদা (০৪) সহ গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবিথি ফনিরটেক এলাকায় জনৈক সাইফুলের বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন।
তিনি আরও জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে শাহীন খানের স্কুল পড়ুয়া বড় মেয়ে সামিয়া ওয়াশরুমে তার স্কুলের পোশাক পরিষ্কার করছিল। এসময় তার সৎ মা নার্গিস আক্তার তার ব্যবহৃত বাটন মোবাইল ফোনে কল আসছেনা, কল যাচ্ছে না, মোবাইল থেকে সিম খুলে সিম কেন ভাঙ্গা, সিম কেন ভেঙ্গেছিস ইত্যাদি বিষয় নিয়ে সামিয়ার সাথে দুর্ব্যবহার করেন। এতে ক্ষান্ত না হয়ে পরবর্তীতে নার্গিস আক্তার রান্না ঘর হতে সিলভার পাতিল ভর্তি গরম পানি এনে সবার অগোচরে প্লাস্টিকের জগে ঢেলে রাখে। রাত ১০টার দিকে সেই গরম পানি হত্যার উদ্দেশ্যে সামিয়ার গায়ে ঢেলে দেয়। ফলে সামিয়ার বাম কাঁধসহ মুখ ও শরীরের আশপাশের স্থান ঝলসে যায়।
ওসি আরও জানান, সামিয়ার চিৎকারে বাবা দৌড়ে ঘরে গিয়ে উদ্ধার করে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে ঐ ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বুধবার (৪ অক্টোবর) দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারের পাঠানোর নির্দেশ দেন।
এফএইচ