দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন তরুণের বিরুদ্ধে। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করে পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। এ ঘটনায় করা মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দুই আসামি পলাতক রয়েছেন।
গত ২০ অক্টোবর এ ঘটনা ঘটে। সম্প্রতি ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ২৩ নভেম্বর কিশোরীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার এজাহারে মো. শিপন (২২), সাইফুল ইসলাম (২৩) ও মোছলে উদ্দিন (২৪) নামে তিনজনকে আসামি করা হয়েছে।
ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, প্রায় এক মাস ধরে মেয়ের আচরণে পরিবর্তন লক্ষ করছিলেন তিনি। পরে ২২ নভেম্বর ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ার খবর পেয়ে মেয়ের কাছ থেকে ঘটনা জানতে পারেন। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রধান আসামি শিপনকে আটক করে পুলিশে দেওয়া হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, গ্রেপ্তার শিপন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ভুক্তভোগী কিশোরীর জবানবন্দিও আদালতে রেকর্ড করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
ভুক্তভোগী কিশোরীর বড় বোনও ২০১২ সালে ধর্ষণের শিকার হন। তিনি বাক্প্রতিবন্ধী। ওই ঘটনায় করা মামলায় গত বছরের ডিসেম্বরে রাজীব হোসেন নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়। তবে এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পরিবারের ধারণা, তিনি বর্তমানে বিদেশে রয়েছেন।
কিশোরীর বাবা জানান, বড় মেয়ের ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া সন্তানের বয়স এখন প্রায় ১৩ বছর। দীর্ঘদিন মামলা চালাতে গিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। সাজাপ্রাপ্ত আসামিকে এখনো গ্রেপ্তার করা হয়নি। এর মধ্যে ছোট মেয়েও ধর্ষণের শিকার হওয়ায় নতুন করে মামলা চালানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
ওসি রোমেল বড়ুয়া বলেন, আগের ঘটনার বিষয়ে তার জানা ছিল না। দ্বিতীয় ঘটনায় মামলা হওয়ার পর বিষয়টি জেনেছেন। আগের মামলার সাজাপ্রাপ্ত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে তাকে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।
যে আই