দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলায় গণপরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ, নারী শিক্ষার্থীদের হেনস্তা ও বাসে উঠতে বাধা দেওয়ার প্রতিবাদে চার দফা দাবিতে ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রোববার (২৯ নভেম্বর) কলেজের উপাধ্যক্ষের হাতে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, ভোলা সরকারি কলেজে জেলার বিভিন্ন উপজেলা ও দূর-দূরান্ত থেকে প্রতিদিন হাজারো শিক্ষার্থী যাতায়াত করেন। কলেজের নিজস্ব বাস মাত্র একটি হওয়ায় অধিকাংশ শিক্ষার্থীকে জেলা বাস মালিক সমিতির আওতাধীন লোকাল ও দূরপাল্লার বাসের ওপর নির্ভর করতে হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব বাসের চালক, কন্ডাক্টর ও হেল্পারদের হাতে তারা হয়রানি ও দুর্ব্যবহারের শিকার হচ্ছেন। বিশেষ করে হাফ ভাড়া দিতে চাইলে তাদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা হয়।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, কয়েক দিন আগে কলেজের কয়েকজন নারী শিক্ষার্থী বাসে উঠতে গেলে কন্ডাক্টর ইচ্ছাকৃতভাবে বাসের দরজা আটকে দেন। এ সময় শিক্ষার্থীদের বাসে নিলে পোষায় না বলে তাদের বাসে উঠতে বাধা ও অপমান করা হয়।
শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে, কলেজ প্রশাসনের উদ্যোগে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের নিয়ে জরুরি সমন্বয় সভা করা, শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে বাধ্যতামূলক হাফ ভাড়া চালু, নারী শিক্ষার্থীদের হেনস্তাকারী কন্ডাক্টর ও হেল্পারদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা এবং কলেজের ক্লাস শুরু ও ছুটির সময় শিক্ষার্থীদের বাসে উঠতে বাধা না দেওয়ার বিষয়টি নিশ্চিত করা।
সাধারণ শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপি দেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরাফাত ইসলাম ইফতি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন শুভ, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মো. কামরুল ইসলাম, কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক মেসকাত আহাম্মেদ, ছাত্রদলের আহ্বায়ক সদস্য জিদান আনাবীর ও ছাত্রশিবিরের অফিস সম্পাদক মো. শাকিলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা।
এ বিষয়ে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. জামাল হোসেন বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য অধিকার রক্ষায় কলেজ প্রশাসন আন্তরিক। তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বাস মালিক সমিতি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
জেলা বাস মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম খান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ বা হেনস্তার কোনো সুযোগ নেই। অভিযুক্ত বাসের চালক ও হেল্পারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে শিক্ষার্থীদের হাফ ভাড়া ও সম্মানজনক আচরণ নিশ্চিত করতে সমিতির পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
যে আই