দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন আরও কয়েকজন।
রোববার (২৯ নভেম্বর) সকালে জাজিরার নাওডোবা এলাকায় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলে সংঘর্ষ ও সহিংসতা।
নিহতরা হলেন শরীয়তপুরের জাজিরা এলাকার ইব্রাহিম সিপাই ও মাদারীপুরের শিবচর উপজেলার নিজাম মৃধা (৪৫)। নিজাম মৃধা শিবচরের কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামসুদ্দিন মৌলভীর কান্দি এলাকার দাদন মৃধার ছেলে। স্থানীয় সূত্র জানায়, সকালে আওয়ামী লীগের মিছিলে অংশ নিতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আরও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
অন্যদিকে, সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হন ইব্রাহিম সিপাই। শরীয়তপুর সদর হাসপাতাল তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তিনি সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। আওয়ামী লীগ নেতাদের দাবি, ইব্রাহিম নিষিদ্ধ যুবলীগের কর্মী ছিলেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভোরে বিকেনগর এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এক্সপ্রেসওয়ের দিকে আসেন। সেখানে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করায় দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় গোলাগুলির পাশাপাশি কয়েক দফা ককটেল বিস্ফোরণ ঘটে।
একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা পিছু হটলে এক্সপ্রেসওয়েতে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। সেখানে প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। এ ছাড়া নাওডোবা গোলচত্বর এলাকার ফুড এক্সপ্রেস রেস্টুরেন্ট ও পাশের একটি খাবারের দোকানে আগুন দেওয়া হয়।
সহিংসতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংঘর্ষের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
সকাল সাড়ে ৭টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে গেলে পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে সড়ক থেকে পোড়া মোটরসাইকেল সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান জানান, যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কায় পুলিশ আগে থেকেই দায়িত্ব পালন করছিল। সকালে ককটেল বিস্ফোরণের পর কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
যে আই