দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে চলমান লকডাউনের কারণে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বিকাশ ও নগদের কার্যক্রম কার্যত বন্ধ হয়ে পড়েছে। এতে অ্যাকাউন্টে টাকা থাকা সত্ত্বেও তা ব্যবহার করতে পারছেন না গ্রাহকেরা। জরুরি প্রয়োজনে টাকা পাঠানো, ক্যাশ আউট, বিল পরিশোধ ও দৈনন্দিন লেনদেন করতে না পারায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলার মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গোপালগঞ্জ শহরের প্রধান বাজার ও গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঘুরে দেখা যায়, বিকাশ ও নগদের কাস্টমার কেয়ার সেন্টার, ডিস্ট্রিবিউশন অফিস এবং অধিকাংশ এজেন্ট পয়েন্ট বন্ধ রয়েছে। দু-একটি এজেন্টের দোকান খোলা থাকলেও সেখানেও মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন বন্ধ রাখা হয়েছে। ফলে জরুরি প্রয়োজনে আসা গ্রাহকদের হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে বিকাশ থেকে একাধিক গ্রাহকের মোবাইল ফোনে স্বয়ংক্রিয় বার্তা পাঠানো হয়। এতে বলা হয়, এমএফএস বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।
স্থানীয় এজেন্ট ও ডিস্ট্রিবিউশন কর্মকর্তা ইমাম ফারুক বলেন, গোপালগঞ্জে লকডাউনের কারণে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ৩০ নভেম্বর থেকে আবার সেবা চালু হতে পারে।
এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জরুরি প্রয়োজন ও নিয়মিত লেনদেনের জন্য মোবাইল ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীল ব্যক্তিরা।
কাস্টমার কেয়ারের সামনে অপেক্ষায় থাকা গ্রাহক শরিফুল ইসলাম জানান, জরুরি চিকিৎসার জন্য টাকা পাঠাতে সকাল থেকে বিভিন্ন এজেন্ট পয়েন্টে ঘুরেও কোনো সমাধান পাননি। কোথাও সার্ভার জটিলতা, আবার কোথাও নগদ টাকার সংকটের কথা বলে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে। অথচ কাস্টমার কেয়ারও বন্ধ।
বিকাশ ও নগদের গ্রাহক মোরসালিন মোল্লা জানান, আগের রাত থেকেই তাঁর বিকাশ অ্যাকাউন্টে লেনদেন বন্ধ রয়েছে। কল সেন্টারে যোগাযোগ করলে তাঁকে জানানো হয়, অ্যাকাউন্টটি নিয়ে উচ্চপর্যায়ে তদন্ত চলছে। তবে স্পষ্ট কোনো কারণ জানানো হয়নি।
শহরের ক্ষুদ্র ব্যবসায়ী নাজমুল হাসান বলেন, প্রতিদিনের বেচাকেনা ও লেনদেনের বড় অংশই বিকাশ ও নগদের মাধ্যমে হয়। ডিস্ট্রিবিউশন ও এজেন্ট কার্যক্রম বন্ধ থাকায় টাকা তুলতে পারছেন না। সচল থাকা কয়েকটি নম্বরের ওপর নির্ভর করে কোনোমতে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
লকডাউনের মধ্যে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ থাকায় গোপালগঞ্জের স্থানীয় অর্থনীতি ও দৈনন্দিন লেনদেনে স্থবিরতা দেখা দিয়েছে। দ্রুত সেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহক ও ব্যবসায়ীরা।
এদিকে গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের ২৯টি কার্যালয়ের কার্যক্রমও বন্ধ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
যে আই