দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে তারা নিজ নিজ পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজারে বোরহানের দোকানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সদস্য মো. আফজাল শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ ও সদস্য মোহাম্মদ জামাল মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, দীর্ঘদিন ধরে তারা পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। তবে দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁরা সন্তুষ্ট নন। এ কারণে সম্পূর্ণ স্বেচ্ছায় নিজ নিজ পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে বিএনপি কিংবা দলটির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকবেন না বলেও জানান তারা।
পদত্যাগকারী নেতাদের দাবি, তাদের এ সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বেচ্ছায় নেওয়া। এতে কারও চাপ, প্ররোচনা বা প্রভাব নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে টুঙ্গিপাড়ায় বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে পদত্যাগের প্রবণতা দেখা দিয়েছে। এর আগে গত ১৭ নভেম্বর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন রাতেই গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।
স্থানীয় সূত্র অনুযায়ী, গত ১৭ নভেম্বর সকালে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. লুৎফর ফকির ও তার ছেলে মিরান ফকির।
এরপর ১৮ থেকে ২১ নভেম্বরের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেন কুশলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আনিস লস্কর ও মো. বাবর মোল্লা, কুশলী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. তারেক শেখ, উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান ফকির, সদস্য সোহেল ফকির, ক্রীড়াবিষয়ক সম্পাদক রুমান ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির এবং ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুরেশ চন্দ্র বসু।
এ ছাড়া একই সময়ে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন গণঅধিকার পরিষদের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি রইসুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেয়াজুল ইসলাম সোহান এবং টুঙ্গিপাড়া সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সামি।
অন্যদিকে, ফেসবুকে ভিডিও বার্তায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি উল্লেখ করে রাজনীতি থেকে স্বেচ্ছায় বিদায় নেওয়ার ঘোষণা দেন এনসিপির টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ।
পদত্যাগকারীদের অধিকাংশই ব্যক্তিগত, পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন। কেউ কেউ অজান্তে দলীয় পদ পাওয়ার দাবিও করেছেন। সব মিলিয়ে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে টুঙ্গিপাড়ার স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা ও মেরুকরণ তৈরি হয়েছে।
যে আই