দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধান শিক্ষিকা স্ত্রী মন্দিরা রানী পালের কিডনি দানে নতুন জীবন ফিরে পেয়েছেন তার স্বামী সহকারী শিক্ষক সুদাম পাল। ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে সফলভাবে তাদের কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন ভারতে অবস্থানরত মন্দিরা রানী পালের ভাই সবুজ কুমার পাল।
তিনি জানান, ২৪ নভেম্বর ভারতীয় সময় সকাল ১০টায় দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার শুরু হয়। দীর্ঘ সময়ের অস্ত্রোপচার শেষে সন্ধ্যায় চিকিৎসকেরা সফলভাবে প্রতিস্থাপন সম্পন্ন করেন।
স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দানের ঘটনায় পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও আবেগের সৃষ্টি হয়েছে। অস্ত্রোপচার সফল হওয়ায় দুই পরিবারেই ফিরেছে স্বস্তি।
গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, স্বামীর জন্য স্ত্রীর এই আত্মত্যাগ ও ভালোবাসা অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
মন্দিরা রানী পাল বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তার স্বামী সুদাম পাল একই উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক।
সুদাম পালের ঘনিষ্ঠ বন্ধু ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া জানান, ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুদাম ও মন্দিরা। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
২০১৯ সালে সুদাম পাল কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই পরিবারটিতে অনিশ্চয়তা ও দুশ্চিন্তা দেখা দেয়। দেশে ও ভারতে দীর্ঘদিন চিকিৎসা করানোর পর চিকিৎসকেরা তার কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। তবে বিভিন্ন জায়গায় চেষ্টা করেও উপযুক্ত দাতা পাওয়া যাচ্ছিল না।
একপর্যায়ে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দানের সিদ্ধান্ত নেন মন্দিরা রানী পাল। স্বামীর প্রতি গভীর ভালোবাসা থেকে তিনি বলেছিলেন, আমার স্বামী যদি পৃথিবীতে বেঁচে না থাকেন, তাহলে আমার বেঁচে থেকে কী লাভ!
গিয়াস উদ্দিন মিয়া আরও জানান, আদালত, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে গত ২৯ সেপ্টেম্বর থেকে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের চিকিৎসা কার্যক্রম শুরু হয়।
হাসপাতালটির ইউরোলজি, কিডনি প্রতিস্থাপন, রোবোটিক ও ইউরো-অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. অনন্ত কুমারের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় ফলোআপ চলে। সব প্রস্তুতি শেষে ২৪ নভেম্বর সফলভাবে কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার সম্পন্ন হয়।
যে আই