দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুন্দরবনের দুবলার চরের ঐতিহ্যবাহী রাস উৎসবে অংশ নিতে এবার সাতক্ষীরা রেঞ্জ থেকে মাত্র ২০৮ জন পুণ্যার্থী যাচ্ছেন। সাতটি ট্রলারে ১৬ জন ক্রুসহ মোট ২২৪ জন রোববার (২২ নভেম্বর) দুপুরে গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় এবারই সবচেয়ে কমসংখ্যক পুণ্যার্থী দুবলার চরে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) এরফান উদ্দিন জানান, রোববার দুপুর ১টার দিকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে বন বিভাগের প্রয়োজনীয় তল্লাশি ও নিরাপত্তা প্রক্রিয়া শেষে ট্রলারগুলো ছেড়ে যায়। বৈরী আবহাওয়া পুণ্যার্থীর সংখ্যা কম হওয়ার অন্যতম কারণ হতে পারে।
এবার রাস উৎসবে অংশ নিতে সাতক্ষীরা রেঞ্জের দুটি স্টেশন থেকে পুণ্যার্থীরা যাত্রা করেছেন। এর মধ্যে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে ছয়টি ট্রলারে ১৮১ জন পুণ্যার্থী ও ১৩ জন ক্রু এবং কোবাদক স্টেশন থেকে একটি ট্রলারে ২৭ জন পুণ্যার্থী ও তিনজন ক্রু রয়েছেন। সব মিলিয়ে সাতটি ট্রলারে ২০৮ জন পুণ্যার্থী ও ১৬ জন ক্রু রয়েছেন।
যাত্রার আগে বুড়িগোয়ালিনী স্টেশন ঘাটে প্রতিটি ট্রলারে তল্লাশি চালায় বন বিভাগ। এ সময় পুণ্যার্থীদের জাতীয় পরিচয়পত্র, প্রয়োজনীয় পাস ও পারমিট, লাইফ জ্যাকেটসহ নিরাপত্তা সরঞ্জাম এবং সুন্দরবনে প্রবেশসংক্রান্ত সরকারি নিয়মকানুন যাচাই করা হয়।
এসও এরফান উদ্দিন জানান, সরকারি নির্দেশনা ও বনের পরিবেশ রক্ষার শর্ত মেনেই পুণ্যার্থীদের যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কোনো ট্রলারে অতিরিক্ত যাত্রী বহন এবং বনের ভেতরে প্লাস্টিক বা পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী নেওয়া ঠেকাতে নজরদারি রাখা হয়েছে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ও রেঞ্জ কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, সুন্দরবনের দুবলার চরের রাস উৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন। প্রতিবছর এ উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী ও দর্শনার্থী সমবেত হন। ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও সাগরের নোনা জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে উৎসবটি পালিত হয়।
পুণ্যার্থীদের নিরাপত্তায় বন বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, উৎসব শেষে সব নৌযান নিরাপদে ফিরে না আসা পর্যন্ত বন বিভাগের সদস্যরা সুন্দরবনের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও নদীপথে সার্বক্ষণিক টহল দেবেন।
এদিকে বন বিভাগের তথ্যের বরাত দিয়ে সুন্দরবন নিয়ে কাজ করা তরুণ বনজীবী আশিকুর রহমান বলেন, সাতক্ষীরা রেঞ্জ থেকে এবারই সবচেয়ে কমসংখ্যক পুণ্যার্থী দুবলার চরে যাচ্ছেন। এর অন্যতম কারণ সুন্দরবনে বনদস্যুতা বৃদ্ধি পাওয়া।
উল্লেখ্য, প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে সুন্দরবনের গহীনে বঙ্গোপসাগরের কোলঘেঁষা দুবলার চরে ঐতিহ্যবাহী রাস উৎসব অনুষ্ঠিত হয়। সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সাম্প্রতিক বছরগুলোতে বন বিভাগ প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। এ ছাড়া কেবল সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
যে আই