দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর সোনাগাজীতে বেসরকারি সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে ডিএনসি (গর্ভপাত-পরবর্তী জরায়ু পরিষ্কারের চিকিৎসাপদ্ধতি) অস্ত্রোপচারের পর সংকটাপন্ন হয়ে পড়েছেন কামরুন নাহার (৩২) নামে এক গৃহবধূ। পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের সময় চিকিৎসায় অবহেলার কারণে তার জরায়ু ফুটো হয়ে যায়। বর্তমানে তিনি চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ এনে সোনাগাজী মডেল থানা ও ফেনীর সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর বড় বোন নূর জাহান আক্তার। অভিযোগে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, কামরুন নাহার তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত ৭ নভেম্বর তার গর্ভপাত হয়। চিকিৎসক ডা. ফাহমিদা ইয়াসমিনের পরামর্শে সেদিন তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে জোসনারা বেগম নামে এক নারী তাদের সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে ডা. মামুনের কাছে নিয়ে যান। সেখানে ভর্তি করার পর দুপুর ১২টার দিকে তার ডিএনসি অস্ত্রোপচার করা হয়।
পরিবারের দাবি, অস্ত্রোপচারের পর কামরুন নাহারের পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়। পরদিন ৮ নভেম্বর আলট্রাসনোগ্রাম করানোর পর তার পেটে রক্ত ছড়িয়ে পড়া, খাদ্যনালিতে সংক্রমণ, ফুসফুসে পানি জমা ও কিডনিতে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে।
কামরুন নাহারের স্বামী রহিম উদ্দিন বলেন, ডিএনসি করতে গিয়ে তার স্ত্রীর জরায়ু ফুটো হয়ে যায়। অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হলে প্রথমে তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে পার্কভিউ হাসপাতালে ভর্তি করানো হয়।
তিনি আরও বলেন, অস্ত্রোপচারের পর স্ত্রীর শারীরিক অবস্থা ভালো মনে না হওয়ায় দ্রুত অন্য হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন তারা। বর্তমানে তার স্ত্রী আইসিইউতে চিকিৎসাধীন। ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চিকিৎসায় প্রতিদিন ৭০ থেকে ৮০ হাজার টাকা ব্যয় হচ্ছে। দীর্ঘ চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবারটি আর্থিক সংকটে পড়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার দাবি করেন তিনি।
অভিযোগকারী নূর জাহান আক্তার বলেন, হাসপাতালের দায়িত্বহীনতা ও ভুল চিকিৎসার কারণেই তার বোনের এমন অবস্থা হয়েছে বলে তারা মনে করছেন। ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, বোনের উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালের ব্যবস্থাপক কে এম ইসলামুল হক। তিনি বলেন, হাসপাতালে ডিএনসি সম্পন্ন হওয়ার পর পর্যন্ত রোগীর এমন কোনো সমস্যা ছিল না। পরবর্তী সময়ে কীভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, সে বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই।
বিষয়টি তদন্ত করে দেখার কথা জানিয়েছেন সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম। তিনি বলেন, বিষয়টি তিনি জেনেছেন। অভিযুক্ত হাসপাতাল বা সংশ্লিষ্ট পক্ষ থেকে তার কাছে কোনো অভিযোগ আসেনি। তবে সিভিল সার্জন কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম বলেন, ভুল চিকিৎসা ও চিকিৎসায় অবহেলার কারণে রোগীর সংকটাপন্ন অবস্থার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফেনীর সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যে আই