দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক দিনমজুরের বাড়িতে তিন মাসে বিদ্যুৎ বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা। অথচ তাঁর দাবি, বাড়িতে একটি বাতি ও একটি ফ্যান ব্যবহারের পাশাপাশি ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া ছাড়া তেমন কোনো বিদ্যুৎ ব্যবহার করেন না তিনি। সীমিত ব্যবহারের বিপরীতে অস্বাভাবিক বিল পেয়ে বিপাকে পড়েছে ছয় সদস্যের পরিবারটি।
ভুক্তভোগী মো. ইউনুস আলী ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের বাসিন্দা। তিনি মৃত আফতাব আলীর ছেলে। পেশায় দিনমজুর ইউনুস আলী দিন এনে দিন খেয়ে সংসার চালান। আড়াই শতক ভিটেমাটিতে পরিবারের ছয় সদস্যকে নিয়ে বসবাস করেন তিনি।
বিদ্যুৎ বিলের কাগজ অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে ৪৬৫ ইউনিট ব্যবহারের বিপরীতে বিল এসেছে ২৩ হাজার ২৭ টাকা। অক্টোবরে ৪২৯ ইউনিটের জন্য ৯ হাজার ১৬০ টাকা এবং নভেম্বরে ৫০৪ ইউনিটের বিপরীতে ১৭ হাজার ৮৪৩ টাকা বিল করা হয়েছে। সব মিলিয়ে তিন মাসে ১ হাজার ৩৯৮ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল দাঁড়িয়েছে ৫০ হাজার ৩০ টাকা।
ইউনুস আলীর দাবি, তাঁর বাড়িতে একটি বাতি ও একটি ফ্যান ছাড়া তেমন কোনো বৈদ্যুতিক সরঞ্জাম নেই। শুধু ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া হয়। এত অল্প ব্যবহারের পরও প্রতি মাসে শত শত ইউনিট বিদ্যুৎ খরচ কীভাবে দেখানো হচ্ছে, তা বুঝতে পারছেন না তিনি।
তিনি বলেন, অস্বাভাবিক বিল পাওয়ার পর একাধিকবার ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে বিষয়টি জানিয়েছেন। এজিএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ করেও কোনো সমাধান পাননি। উল্টো দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। পরে বাধ্য হয়ে বিষয়টি সাংবাদিকদের জানান।
দিনমজুরি করে সংসার চালানো ইউনুস আলীর পক্ষে একসঙ্গে এত টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করা প্রায় অসম্ভব। এ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর পরিবারের সদস্যদের।
এ বিষয়ে ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান মিয়া বলেন, কোনো গ্রাহকের সমস্যা থাকলে তাঁকে অফিসে এসে অভিযোগ করতে হবে। সাংবাদিকদের কাছে যাওয়ার প্রয়োজন কী? তাঁরা প্রতি মাসে নিজেরাই ৫০ থেকে ১০০টি মিটার পরীক্ষা করেন। কোনো মিটারে সমস্যা থাকলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
৫০ হাজার টাকার বিলের বিষয়ে তিনি বলেন, প্রকৃতপক্ষে তাঁর বিল ৫০ হাজার টাকা এসে থাকলে তা পরিশোধ করতে হবে। তবে কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে সংশোধন করা হবে।
একজন দিনমজুরের বাড়িতে সীমিত বিদ্যুৎ ব্যবহারের দাবি সত্ত্বেও তিন মাসে প্রায় ১ হাজার ৪০০ ইউনিট খরচ দেখানো নিয়ে প্রশ্ন উঠেছে। মিটারের রিডিং ও বিল তৈরির হিসাব যাচাই করে প্রকৃত ব্যবহারের ভিত্তিতে বিল নির্ধারণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী। এখন মিটার পরীক্ষা ও অভিযোগ তদন্তে বিদ্যুৎ বিভাগ কী পদক্ষেপ নেয়, সেটিই দেখার বিষয়।
যে আই