দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তাঁর বহুতল বাড়ির তিনটি কক্ষ ও বাড়ির সামনে থাকা তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ১৫ থেকে ২০ জনের একটি দল দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমে মূল্যবান মালামাল লুট করে। পরে ঘরে ও বাড়ির সামনে থাকা তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ছুটে এসে তা নেভানোর চেষ্টা করেন। পরে তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার সময় বাড়িতে তাঁর ভগ্নিপতি রফিকুল ইসলাম ছাড়া কেউ ছিলেন না। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
রফিকুল ইসলাম বলেন, রাত ২টার দিকে ১৫ থেকে ২০ জন অস্ত্রধারী দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করেন। তারা প্রথমে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যান। পরে পেট্রল ঢেলে ঘরের তিনটি কক্ষ ও সামনে থাকা তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, হাজী রহিম উল্লাহ আওয়ামী লীগের জেদ্দা শাখার সাবেক সভাপতি। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের অক্টোবরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন। সম্প্রতি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
যে আই