দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ রুটে জাহাজ চলাচল বন্ধ থাকবে।
এতে গত মঙ্গলবার ও বুধবার (১৭ ও ১৮ নভেম্বর) সেন্টমার্টিন ভ্রমণে গিয়ে দ্বীপে অবস্থান করা প্রায় এক হাজার পর্যটক আটকা পড়েছেন। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের কক্সবাজারে ফেরা সম্ভব হচ্ছে না।
বুধবার (১৮ নভেম্বর) রাতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি সাপেক্ষে পুনরায় জাহাজ চলাচল শুরু হবে।
তিনি বলেন, সমুদ্রের পরিস্থিতি অনুকূলে না থাকলে পর্যটকবাহী জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ থাকবে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রাম দপ্তর এক বিজ্ঞপ্তিতে জাহাজ চলাচল বন্ধের নির্দেশনা দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বলবৎ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে হবে।
নির্দেশনার আওতায় কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন ছাড়াও কক্সবাজার-মহেশখালী, পেকুয়া-কুতুবদিয়া, বাঁশখালী-কুতুবদিয়া, কুমিরা-গুপ্তছড়া ও চট্টগ্রাম-চরগজারিয়াসহ বিভিন্ন নৌপথ রয়েছে। এসব রুটে চলাচলকারী নৌযানের মালিক ও মাস্টারদের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড়টি ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি রয়েছে। সমুদ্রে অবস্থানরত নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সেন্টমার্টিনের একাধিক রিসোর্ট ব্যবসায়ী ঢাকাপোস্টকে জানিয়েছেন, গত ১৭ ও ১৮ নভেম্বর দ্বীপে যাওয়া প্রায় এক হাজার পর্যটক এখনো সেখানে অবস্থান করছেন। আবহাওয়া স্বাভাবিক হলে তারা কক্সবাজারে ফিরতে পারবেন।
এদিকে বৃহস্পতিবার সেন্টমার্টিন যাওয়ার জন্য আগাম টিকিট কাটা পর্যটকদের ভ্রমণ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্ধারিত দিনে জাহাজ চলাচল বন্ধ থাকায় তাদের ভ্রমণ বাতিল হবে, নাকি পরবর্তী সময়ে একই টিকিটে দ্বীপে যাওয়ার সুযোগ পাবেন, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
যে আই