দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রত্যুষ কুমার মজুমদার। রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। জেলার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও বিক্ষোভের মধ্যে একই দিনে এসপিসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ে এ রদবদলের সিদ্ধান্ত আসে।
তবে নতুন এসপিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে তার অতীত রাজনৈতিক পরিচয় ঘিরে। ছাত্রদলের নেতাদের দাবি, প্রত্যুষ কুমার মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং জগন্নাথ হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তাদের মতে, এমন একজন কর্মকর্তাকে গোপালগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দেওয়া সরকারের ইতিবাচক সিদ্ধান্ত।
প্রত্যুষ কুমার মজুমদারের কর্মজীবন
প্রত্যুষ কুমার মজুমদার ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তার পৈতৃক নিবাস সাতক্ষীরা জেলায়। গোপালগঞ্জে বদলির আগে তিনি ফেনী জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে ঝালকাঠি ও নারায়ণগঞ্জ জেলার এসপি হিসেবেও কাজ করেছেন তিনি। এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসপি পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
২০২৬ সালের ১৫ জুন ফেনীর এসপি হিসেবে যোগ দেন প্রত্যুষ কুমার মজুমদার। দায়িত্ব নেওয়ার প্রায় পাঁচ মাসের মধ্যেই তাকে গোপালগঞ্জে বদলি করা হয়। অন্যদিকে, গোপালগঞ্জের বর্তমান এসপি হাবীবুল্লাহকে একই পদে ফেনীতে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। এতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমদ।
যে কারণে আলোচনা
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যুষ কুমার মজুমদারের কর্মজীবনের পাশাপাশি তার রাজনৈতিক পরিচয় নিয়েও আলোচনা হচ্ছে। কিছু পোস্ট ও মন্তব্যে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা বলে দাবি করা হচ্ছে। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছিলেন বলেও আলোচনা রয়েছে। তবে এসব দাবির বিষয়ে নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।
গোপালগঞ্জে প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদল
সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে গোপালগঞ্জের প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। ডিসি, এসপি এবং তিন থানার ওসি বদলি করা হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, গোপালগঞ্জের এসপি হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন প্রত্যুষ কুমার মজুমদার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জনস্বার্থে এ বদলির আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। উপসচিব তৌছিফ আহমদ প্রজ্ঞাপনে সই করেন।
এমজে