দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আবারও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা। অবরোধ সরাতে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে যান চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশের উপস্থিতি বৃদ্ধি পেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। থেমে থেমে ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, শ্রমিকরা কর্মস্থলে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। তাদের সরিয়ে দিতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
তিনি আরও বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এমজে