দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ হওয়ার দুই দিন পর মোসা. ইসরাত জাহান যুথি (১৬) নামের এক দশম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া মাছুয়াখালী গ্রামের একটি পানের বরজের পাশের নালা থেকে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
নিহত ইসরাত জাহান যুথি ওই গ্রামের মো. জামাল হাওলাদারের মেয়ে। সে সুবিদখালী র.ই পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে পরীক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে স্কুলের জন্য বের হয় যুথি। প্রতিদিন দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে বাড়ি ফিরলেও সেদিন আর ফেরেনি। নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় তার মা বিদ্যালয়ে খোঁজ নিতে যান। সেখানে শিক্ষকরা জানান, যুথি সেদিন স্কুলে যায়নি। এরপর থেকেই স্বজনরা বিভিন্ন স্থানে তার সন্ধান করতে শুরু করেন।
নিহতের বাবা মো. জামাল হাওলাদার জানান, যুথি নিখোঁজ হওয়ার পর তাদের বাড়ির মমতাজ নামের এক নারী পানের বরজের পাশে তার জুতা দেখতে পান। পরে সেখানে খোঁজাখুঁজির একপর্যায়ে পানের বরজের পাশের নালার ভেতর থেকে বিবস্ত্র অবস্থায় যুথির মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
/অ