দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার দুই প্রবাসী শ্রমিক মোহাম্মদ শামীম ও সাব্বির হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে তাঁদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর নিজ নিজ গ্রাম নলডাঙ্গার দিঘীরপাড় ও খাজুরায় নেওয়া হয়। দীর্ঘ প্রতীক্ষার পর স্বজনদের মরদেহ ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তাঁদের আহাজারিতে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।
নিহত শামীম নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের জাকের আলীর ছেলে। অন্যদিকে, সাব্বির হোসেন একই ইউনিয়নের খাজুরা শ্রীপুরপাড়া গ্রামের রাব্বানির ছেলে।
শনিবার বিকেলে মরদেহ দুটি গ্রামে পৌঁছানোর পর স্থানীয় খাজুরা ইসলামিয়া হাফেজিয়া মাদরাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁদের খাজুরা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, গত ৯ আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদের মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হন। তাঁদের মধ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলার তিনজন ছিলেন।
এমএস/