দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬১২ জন শিক্ষকের পে-প্রেসক্রিপশন-সংক্রান্ত কাজের কথা বলে জনপ্রতি ২০০ টাকা করে উত্তোলনের অভিযোগ উঠেছে। সে হিসাবে মোট ১ লাখ ২২ হাজার ৪০০ টাকা সংগ্রহের কথা। তবে এই অর্থ কার নিয়ন্ত্রণে রয়েছে, কী খাতে ব্যয় হয়েছে এবং কত টাকা অবশিষ্ট আছে—তা নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযোগ রয়েছে, পে-প্রেসক্রিপশনের কাজ অনলাইনে সম্পন্ন করতে বিশেষ ব্যক্তিকে ‘ম্যানেজ’ করতে হবে—এমন কথা বলে শিক্ষক সমিতির নাম ব্যবহার করে শিক্ষকদের কাছ থেকে এ টাকা নেওয়া হয়। তবে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, শিক্ষকেরা নিজেরাই অনলাইনে কাজ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে হিসাবরক্ষণ কার্যালয়ে যোগাযোগ করা হলে সংশ্লিষ্টরা জানান, শিক্ষকদের সঙ্গে এ ধরনের কোনো অনৈতিক আলোচনা হয়নি। অন্যদিকে, শিক্ষক সমিতির সভাপতি এস কে মোহাম্মদ আলী বলেন, শিক্ষকদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি। সমিতির নাম ব্যবহার করে টাকা নেওয়া হয়ে থাকলে তাঁকে না জানিয়েও তা করা হয়ে থাকতে পারে। তবে তিনি এ ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা করেন।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও দলদলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম জানান, শিক্ষকদের কাজ সহজ করতে অনলাইন খরচ ও নাশতার জন্য টাকা উত্তোলন করা হয়েছে। তবে উত্তোলিত অর্থ বর্তমানে কার কাছে রয়েছে, কীভাবে ব্যয় হয়েছে কিংবা কত টাকা অবশিষ্ট আছে—সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক অভিযোগ করেন, বিভিন্ন দিবস পালন ও বই বিতরণসহ নানা উপলক্ষেও বিদ্যালয়প্রতি টাকা সংগ্রহ করা হয়। কিন্তু এসব অর্থ কোথায় এবং কোন খাতে ব্যয় করা হয়, তা তাঁদের জানানো হয় না।
শিক্ষকদের আরও অভিযোগ, শিক্ষক সমিতির কিছু নেতা নিয়মিত পাঠদান না করে উপজেলা শিক্ষা অফিসের আশপাশে সময় কাটান। তাঁদের দাবি, সমিতির নাম ব্যবহার করে অর্থ সংগ্রহ এবং শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বক্তব্য জানতে চাওয়া হলে তিনি প্রশ্নগুলোর সরাসরি উত্তর দেননি।
শিক্ষকদের কাছ থেকে উত্তোলিত অর্থের পরিমাণ, ব্যয়ের হিসাব ও অবশিষ্ট অর্থের অবস্থান নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্ত এবং স্বচ্ছ হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এমএস/