দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের কাশিয়ানীতে দেড় বছরের শিশু রাইসা খানম নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। আদরের সন্তানকে খুঁজে না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।
নিখোঁজ রাইসা উপজেলার বেথুড়ী ইউনিয়নের সাধুহাটি গ্রামের রমিজ শরীফের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর সোমবার বিকেলে নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয় রাইসা।
শিশুটির মা রহিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘দুপুরে রাইসা তার দাদির সঙ্গে দুষ্টুমি করছিল। এরপর ঘরে আমার কাছেই ছিল। হঠাৎ একটু চোখের আড়াল হতেই তাকে আর কোথাও খুঁজে পাইনি। বাড়ির আশপাশ, পুকুর, খাল-নালা—সব জায়গায় খুঁজেছি। কিন্তু আমার মানিকটার কোনো খোঁজ পাইনি।’
ঘটনার পরদিন শিশুটির মামা স্বপন মোল্লা বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে এক সপ্তাহ পেরিয়ে গেলেও শিশুটির সন্ধানে কোনো সুনির্দিষ্ট সূত্র পাওয়া যায়নি। এতে চরম অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারের সদস্যদের।
এ বিষয়ে কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শিশুটিকে উদ্ধারে পুলিশের তদন্ত ও সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। দেশের সব থানায় ইতিমধ্যে বার্তা পাঠানো হয়েছে।’
এমএস/