দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত ইয়াছিন মিয়াকে (৫০) গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) সকালে কসবা থানায় মামলাটি করা হয়। একই দিন বিকেলে ভুক্তভোগী শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়।
মামলার এজাহার ও পরিবারের বরাতে জানা যায়, শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ী গ্রামের বাজারে সয়াবিন তেল কিনতে যায় সে। বাড়ি ফেরার পথে একই এলাকার একটি ফার্নিচারের দোকানের মালিক ইয়াছিন মিয়া শিশুটির হাত ও মুখ চেপে ধরে দোকানে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় শিশুটি চিৎকার করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে তার হাতে ২০ টাকার একটি নোট দিয়ে দোকান থেকে বের করে দেওয়া হয়। বাড়ি ফিরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়।
পরিবারের দাবি, বিষয়টি জানাজানি হলে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা সামাজিকভাবে মীমাংসার উদ্যোগ নেন। পরে বাদৈর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলামের নেতৃত্বে একটি সালিশি বৈঠক হয়। সেখানে অভিযুক্তকে শুধু ক্ষমা চাইতে বলা হয় বলে অভিযোগ শিশুটির পরিবারের।
শিশুটির বাবা বলেন, ‘ন্যায়বিচারের আশায় থানায় মামলা করেছি। এখন আমাকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আমি এ ঘটনার কঠিন বিচার চাই।’
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, হাতুড়াবাড়ীতে শিশুটিকে ধর্ষণের অভিযোগে তার মা বাদী হয়ে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ইয়াছিন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এমএস/