দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও রয়েল পরিবহনের কাউন্টার মাস্টার মো. শাকের হোসেনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবিতে মাগুরা-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিক ও বাস মালিক সমিতির সদস্যরা। পরে স্থানীয় সংসদ সদস্যের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে মাগুরা বাস টার্মিনাল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। অবরোধের কারণে মহাসড়কে বাস, ট্রাকসহ শত শত যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
এ সময় টার্মিনাল এলাকায় শতাধিক বিএনপি ও যুবদলের নেতাকর্মী এবং পরিবহন শ্রমিক অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
অবরোধ চলাকালে আন্দোলনকারীরা অভিযোগ করেন, শাকেরের মৃত্যু স্বাভাবিক নয়। তাঁরা দ্রুত তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানান। পরিবহন শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন দ্রুত সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে মহাসড়কে কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।
পরে স্থানীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন খান ঘটনাস্থলে গিয়ে দ্রুত তদন্তের মাধ্যমে শাকেরের মৃত্যুর রহস্য উদ্ঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তাঁর আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, নিহত শাকেরের মাথার পেছনে একটি ছিদ্রের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি কীসের আঘাত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত শুরু করেছে।
এমএস/