দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ইয়াবা কারবার ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তির গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তাঁর স্ত্রী-সন্তানসহ গ্রামবাসী। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নেয়ামতপুর গ্রামবাসীর আয়োজনে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশ নেন।
গ্রামবাসীর অভিযোগ, একই গ্রামের প্রয়াত আবু জামালের ছেলে মনির হোসেন দীর্ঘদিন ধরে ইয়াবা কারবার, চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অপহরণের অভিযোগও রয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে এলাকার সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে দাবি তাঁদের।
গ্রামবাসীরা জানান, মনিরের ভয়ে অনেকে মুখ খুলতে সাহস পান না। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে তাঁকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
গ্রামবাসীর দাবি, মনিরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও নবীনগর, কক্সবাজারের টেকনাফ এবং গাজীপুরের পুবাইল থানায় মোট ১২টি মামলা রয়েছে।
মানববন্ধনে অংশ নিয়ে মনিরের স্ত্রী স্মৃতি আক্তার অভিযোগ করেন, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মাদক বিক্রির সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে মনির তাঁকে মারধর করেন বলেও অভিযোগ করেন তিনি। স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে সন্তানদের নিয়ে মানববন্ধনে অংশ নিয়েছেন এবং তাঁর বিচার দাবি করছেন বলে জানান স্মৃতি।
মানববন্ধন শেষে মনির হোসেনের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন নেয়ামতপুর গ্রামের কয়েক শ বাসিন্দা।
এমএস/