দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) ১০ প্লাটুন সদস্য মোতায়েন করেছে। পূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকা ও বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি রাঙ্গামাটি গোল্লা কালী দুর্গামন্দির ও সমশেরনগর বলিহারপুর দুর্গামন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন।
বিজিবি জানায়, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নয়টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করার কার্যক্রম চালানো হবে। নিরাপত্তা কার্যক্রমে স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করা হবে।
আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা দুর্গাপূজার নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে বিশেষ নজরদারি রাখা হবে।
বিজিবির পক্ষ থেকে সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়া এবং যাচাই না করে কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সন্দেহজনক কোনো ঘটনা নজরে এলে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।
বিজিবি আশা প্রকাশ করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ, স্থানীয় জনগণের সহযোগিতা ও পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে উদ্যাপিত হবে।
এমএস/