দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুবসমাজকে মাদক, অপরাধমূলক কর্মকাণ্ড ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ-সবল ও দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, মাঠে তরুণদের সক্রিয় অংশগ্রহণই পারে তাদের ইতিবাচক ও গঠনমূলক পথে পরিচালিত করতে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়সংলগ্ন ক্লাব চত্বরে বসুন্ধরা ক্রীড়া চক্রের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, দীর্ঘদিন ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তৃণমূল পর্যায়ে খেলাধুলার উপযুক্ত পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা গেলে প্রত্যন্ত অঞ্চল থেকেও জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা সম্ভব।
তিনি আরও বলেন, বসুন্ধরা ক্রীড়া চক্রের নবনির্মিত ভবনটি এলাকার ক্রীড়ানুরাগী ও তরুণদের খেলাধুলা ও অনুশীলনে নতুন উদ্দীপনা জোগাবে। এর মাধ্যমে স্থানীয় যুবসমাজ ক্রীড়াচর্চায় আরও উৎসাহিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বসুন্ধরা ক্রীড়া চক্রের সভাপতি গোলাম মওলা জাফরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আল আমিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী এবং বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন।
অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং বিপুলসংখ্যক ক্রীড়ামোদী উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী ফিতা কেটে বসুন্ধরা ক্রীড়া চক্রের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এমএস/