দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির রাজাপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আনিচ হাওলাদার (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রাজাপুর থানায় মামলা করেছেন।
গ্রেপ্তার আনিচ হাওলাদার উপজেলার সদর ইউনিয়নের পূর্ব আঙ্গারিয়া এলাকার মৃত মোক্তার আলী হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির মা প্রবাসে থাকায় সে নানাবাড়িতে বসবাস করে। অভিযুক্ত ব্যক্তি শিশুটির পরিবারের পরিচিত হওয়ায় পারিবারিক সুসম্পর্কের সুবাদে তার কাছে যাওয়ার সুযোগ পেতেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারের অভিযোগ অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে পূর্ব আঙ্গারিয়া এলাকায় একটি কলাবাগানের পাশে শিশুটিকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। পরে গত ১১ অক্টোবর দুপুর ৩টার দিকে অভিযুক্ত ব্যক্তির দোকানে নিয়ে শিশুটির সঙ্গে একই ধরনের অপচেষ্টার অভিযোগ ওঠে।
এজাহারে আরও বলা হয়, দ্বিতীয় ঘটনার সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে সরে যান। পরে শিশুটির পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এরপর শিশুটির বাবা থানায় মামলা করেন।
রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে আনিচ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাঁকে ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমএস/