দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সেক্টরের সীমান্তবর্তী ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেক্টরের আওতাধীন ১৪টি সীমান্তবর্তী উপজেলায় চারটি ব্যাটালিয়নের প্রায় দুই থেকে আড়াই হাজার বিজিবি সদস্য সীমান্ত সুরক্ষার পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। নিরাপত্তা জোরদারে ৬৫টি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) পাশাপাশি স্থাপন করা হয়েছে ছয়টি বেস ক্যাম্প।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কালীমন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিজিবির কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান।
তিনি বলেন, সীমান্ত থেকে আট কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপগুলোর নিরাপত্তার দায়িত্ব পালন করছে বিজিবি। পূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন স্থানে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো ঘটনাও তাঁদের নজরে আসেনি।
কর্নেল রকিবুল হাসান বলেন, পূজা শুরুর আগে ব্রাহ্মণবাড়িয়ার একটি মন্দিরে কিছু জিনিসপত্র হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। এ ঘটনায় পুলিশের কার্যক্রম চলমান রয়েছে। তবে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। নিয়মিত টহল ও অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রমের মাধ্যমে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পূজামণ্ডপে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে লক্ষ্যে বিজিবি সদস্যরা কাজ করছেন।
এর আগে চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কালীমন্দিরের পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন বিজিবির কর্মকর্তারা। এ সময় পূজার সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং পূজার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি বদ্ধপরিকর বলে জানান কর্মকর্তারা। পরে বিজিবির পক্ষ থেকে পূজামণ্ডপে বিভিন্ন ধরনের ফল বিতরণ করা হয়।
এ সময় ১০ বিজিবির অধিনায়ক মীর আলী এজাজসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যে আই