দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জে এক সাংবাদিকের বাবাকে অপহরণ করে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রাজীব হাসান অপু এবং তার সহযোগী স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা ও অভিযোগ সূত্রে জানা যায়, রোববার দুপুরে কাটাখালীর বাসা থেকে বিয়ে পড়ানোর কথা বলে দৈনিক মানবজমিনের ডিজিটাল বিভাগের রিপোর্টার নাহিদ হাসানের বাবা কাজী মো. হাবিবুর রহমানকে মুক্তারপুরে নিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়। পরে প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে বলা হয়, নিজের প্রাণ রক্ষায় হাবিবুর রহমান টাকা দিতে রাজি হন। পরে মুন্সীগঞ্জের অগ্রণী ব্যাংক পিএলসি শাখা থেকে নিজের হিসাবের ২ লাখ টাকা উত্তোলন করেন তিনি। এরপর স্ত্রী নাসিমা বেগমের উপস্থিতিতে অভিযুক্তদের টাকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় সোমবার (৫ অক্টোবর) রাতে মুন্সীগঞ্জ থানায় যুবদল নেতা রাজীব, তার সহযোগী স্বপন (৩৫), কাটাখালী এলাকার সোহেল (৪৫) এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ করেন হাবিবুর রহমান।
পরে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাতে পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকা থেকে রাজীব হাসান অপু ও স্বপনকে গ্রেপ্তার করে।
সাংবাদিক নাহিদ হাসান বলেন, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তাদের বিষয়টি মেনে নিতে বলা হয় এবং ভবিষ্যতে তার বাবার কাজী অফিসের দিকে অভিযুক্তদের লোকজন তাকাবে না বলেও জানানো হয়। মামলা করলে পরিণতি কী হতে পারে, সে বিষয়েও তাকে ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
নাহিদ হাসান আরও বলেন, তিনি কারও রাজনৈতিক পরিচয় নিয়ে কথা বলতে চান না। তার বাবাকে অপহরণ করে ভয় দেখিয়ে টাকা নেওয়ার যে অভিযোগ উঠেছে, সেটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চান তিনি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজীব ও স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পর নৈতিক স্খলনজনিত অপরাধের অভিযোগে মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের রাজীব হাসান অপুকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।
এমএস/