দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজার শহরের কলাতলীর সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে সরকারি জমিতে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।
রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েমের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা পুলিশ, বিচকর্মী, আনসার ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা অংশ নেন।
তবে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্তদের দাবি, পূর্ব ঘোষণা ছাড়াই প্রশাসন অভিযান চালিয়েছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং জীবন-জীবিকা নিয়ে সংকটে পড়েছেন। তাদের অনেকেই দোকান ও মালামাল হারিয়ে সর্বস্বান্ত হয়েছেন বলে দাবি করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম সাংবাদিকদের বলেন, দোকানগুলোতে মালামাল থাকায় মানবিক কারণে ব্যবসায়ীদের ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। পরে মালামালসহ স্থাপনা সরিয়ে না নেওয়ায় অভিযান চালানো হয়েছে।
তিনি আরও বলেন, পর্যটক ও স্থানীয়দের চলাচলের দুর্ভোগ কমানো এবং সরকারি রাস্তা দখলমুক্ত রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে। শুধু সুগন্ধা পয়েন্ট নয়, সমুদ্রসৈকতসহ শহরের যেকোনো এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
সরকারি জমি দখলে তৎপর সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনতেও প্রশাসন কাজ করছে বলে জানান তিনি।
এমএস/