দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে সন্দেহভাজন পরিবহন তল্লাশির সময় ট্রাকচাপায় মো. আলমগীর (৪৬) নামে এসআরবি-৭-এর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক সজীব আহত হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের ফতেহপুর স্টার লাইন পাম্প সংলগ্ন এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আলমগীর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামের মৃত নুর উদ্দিন আহমেদের ছেলে। তিনি সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে ফেনীতে র্যাব-৭-এ প্রেষণে দায়িত্ব পালন করছিলেন। আহত ট্রাকচালক সজীব বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের সালাম গাজীর ছেলে।
মহিপাল হাইওয়ে পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে ফতেহপুর এলাকায় সন্দেহভাজন পরিবহন তল্লাশি চালাচ্ছিল র্যাবের একটি দল। এ সময় তল্লাশি দল একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করার পাশাপাশি আরেকটি ট্রাককে থামার সংকেত দেয়।
পুলিশের ভাষ্য, ট্রাকটি থামার পরিবর্তে দ্রুতগতিতে এগিয়ে গিয়ে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। পরে পালিয়ে যাওয়ার সময় সড়কের বাম পাশে থাকা এসআরবি সদস্য আলমগীরকে চাপা দিয়ে পাশের গর্তে পড়ে যায় ট্রাকটি।
খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে ঘটনাস্থলে যায় মহিপাল হাইওয়ে পুলিশ। পরে গুরুতর আহত আলমগীর ও ট্রাকচালক সজীবকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আলমগীরকে মৃত ঘোষণা করেন। আহত সজীবকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নোমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রাক ও কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন বলেন, দায়িত্ব পালনরত অবস্থায় গাড়িচাপায় তাদের সদস্য মোহাম্মদ আলমগীরের মৃত্যু হয়েছে।
এমএস/