দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে ফুল মিয়া (৬০) ও উম্মে হানি (২২) নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাতে উপজেলার চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ফুল মিয়া চরলাপাং গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে এবং উম্মে হানি একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চরলাপাং গ্রামের একটি সড়ক নির্মাণের সময় অহিদ মিয়া বাধা দেওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। সম্প্রতি সড়কটির নির্মাণকাজ শেষ হয়। এরপর গ্রামের মুসলেম মিয়া কৃষকদের জমিতে ভাড়ায় হাল চাষের জন্য একটি ট্রাক্টর কিনে আনেন। এতে ট্রাক্টর ভাড়া দেওয়ার ব্যবসায় নিজেদের একক আধিপত্য নষ্ট হওয়ার আশঙ্কায় অহিদ মিয়া ও তার ভাই উবায়দুল মিয়া ক্ষুব্ধ হন বলে স্থানীয়দের দাবি।
এ নিয়ে কয়েকদিন ধরে ট্রাক্টর ব্যবসাকে কেন্দ্র করে অহিদ মিয়া ও মুসলেম মিয়ার পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে শনিবার রাতে অহিদ মিয়া নরসিংদীর রায়পুর উপজেলার মির্জারচর গ্রাম থেকে ভাড়াটে লোকজন এনে চরলাপাং গ্রামে হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় গুলিবিদ্ধ হন ফুল মিয়া ও উম্মে হানি।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলাগুলির খবর পাওয়া গেছে। এতে দুজন আহত হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/