দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অনৈতিক কাজে রাজি না হওয়ায় ফুপুর বাড়িতে আটকে রেখে ১৩ বছর বয়সী এক কিশোরীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কিশোরীর শরীরের বিভিন্ন স্থানে গরম চামচ ও খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার দাগ দেখা যায়। তবে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা হওয়ায় কিশোরীর পরিবার পুলিশের কাছে কোনো অভিযোগ করেনি এবং গণমাধ্যমের সঙ্গেও কথা বলতে রাজি হয়নি।
ছড়িয়ে পড়া ভিডিও ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরীকে তার পরিবার দূরসম্পর্কের দাদা জামাল মিয়ার বাড়িতে গৃহকর্মী হিসেবে পাঠায়। সেখানে ফুপাতো বোন, তার স্বামী রাজা এবং ফুপাতো আরেক ভাই-বোন মিলে তাকে জোর করে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এতে রাজি না হলে তাকে বিভিন্ন সময় মারধর ও ভয়ভীতি দেখানো হতো।
প্রায় ১০-১২ দিন আগে কিশোরী সেখান থেকে পালিয়ে নিজ বাড়িতে চলে আসে। গত বুধবার সন্ধ্যায় বাজারে গেলে তাকে জোর করে তুলে আবার ফুপুর বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। সেখানে একটি কক্ষে আটকে রেখে মুখ বেঁধে নির্যাতন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ৫০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করা হয়েছে।
এ বিষয়ে কিশোরীর মায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আত্মীয়স্বজনের মধ্যে ঘটেছে। পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে ভুক্তভোগী কিশোরীর পরিবার ও অভিযুক্তরা পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করে ফেলায় পরিবারটি কোনো অভিযোগ করতে চাইছে না।
এমএস/