দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের শ্রীনগরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুই চাকরিচ্যুত সেনাসদস্যসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে র্যাবের কটি, ওয়াকিটকি, খেলনা পিস্তল, হ্যান্ডকাপসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং দুটি যানবাহন জব্দ করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রীনগর থানাধীন ছনবাড়ী থেকে সিংপাড়া যাওয়ার পথে হরিবাড়ী ব্রিজ এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরীয়তপুরের সখিপুর থানার রহিম বক্স কানু ঘুঘু সাহেবের কান্দি গ্রামের মৃত নুরুল হকের ছেলে মো. ফরহাদ হোসেন (৪০), নওগাঁর বদলগাছী থানার সব্দুলপুর গ্রামের বেলাল চৌধুরীর ছেলে চাকরিচ্যুত সেনাসদস্য নাদিম মাহমুদ শান্ত ওরফে রায়হান হোসেন (৩০), রাজবাড়ীর পাংশা থানার আশুরহাট গ্রামের আব্দুল ওহাবের ছেলে চাকরিচ্যুত সেনাসদস্য সার্জেন্ট মিজানুর রহমান (৪১), বরগুনা সদর উপজেলার পরীর খাল গ্রামের দুলাল গাজীর ছেলে আব্দুল আলীম (৩২), মাগুরা সদরের মাগুরা গ্রামের ইউনুসের ছেলে মো. সাকিবুর জামান মেহেদী (২৬), ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ ফ্যাশন গ্রামের কাজল মিয়ার ছেলে মেহেদী হাসান সুজন (৩৫) এবং বরগুনা সদর উপজেলার পরীর খাল গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে গাড়িচালক আবু হানিফ (৩২)।
রোববার বিকেলে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
পুলিশ জানায়, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, একটি সিলভার রঙের টয়োটা মাইক্রোবাস ও একটি লাল রঙের হিরো এক্সব্লেড মোটরসাইকেলে একদল অপরাধী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের ছদ্মবেশে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এবং ছনবাড়ী থেকে ইছাপুরাগামী সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
এর পরিপ্রেক্ষিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল শ্রীনগর থানাধীন হরিবাড়ী ব্রিজের পূর্ব পাশে চেকপোস্ট বসায়। দুপুর ১টা ১৫ মিনিটের দিকে সন্দেহজনক গাড়ি দুটি দ্রুত পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা সেগুলো থামান।
পুলিশের ভাষ্য, মাইক্রোবাসের চালকের পাশের সিটে বসা কালো রঙের র্যাবের কটি পরা এক ব্যক্তি ওয়াকিটকি দেখিয়ে নিজেকে র্যাব কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। ডিবি সদস্যরা পরিচয় নিয়ে চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করেন। পরে মাইক্রোবাসের চালকসহ সাতজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, শ্রীনগর বাজারের এক স্বর্ণ ব্যবসায়ী প্রায় দেড় কেজি স্বর্ণ নিয়ে মুন্সীগঞ্জ সদরের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাকে র্যাবের পরিচয়ে অপহরণ করে স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে তারা ওই এলাকায় অবস্থান করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ আশপাশের এলাকায় বিভিন্ন যানবাহনের যাত্রীদের টার্গেট করে লুটপাট করে আসছিলেন। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
অভিযানে তাদের কাছ থেকে একটি সিলভার রঙের টয়োটা মাইক্রোবাস, একটি লাল রঙের মোটরসাইকেল, তিনটি র্যাবের কটি, দুটি ওয়াকিটকি সেট, দুটি খেলনা পিস্তল, দুই জোড়া স্টিলের হ্যান্ডকাপ, তিনটি র্যাবের লোগোযুক্ত আইডি কার্ড, তিনটি লাল রঙের চেক গামছা, তিনটি এসএস পাইপ, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি চায়না লেজার লাইট এবং র্যাব লেখা একটি স্টিকার জব্দ করা হয়।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এমএস/