দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় চাঞ্চল্যকর গৃহবধূ সাজেদা ইসলাম সাজু হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে রাব্বী হোসেন এবং আনিছুর রহমানের ছেলে আবু সাঈদ।
মামলার বিবরণে জানা যায়, গৃহবধূ সাজেদা ইসলাম সাজু জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় একটি ভাড়া বাসায় ছোট মেয়েকে নিয়ে থাকতেন। তার স্বামী সিলেটে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। মেয়ের পড়াশোনার সূত্রে স্থানীয় একটি স্কুলের কম্পিউটার অপারেটর আবু সাঈদের সঙ্গে সাজেদার পরিচয় হয়।
২০২২ সালের ২৭ সেপ্টেম্বর মেয়ের এসএসসি পরীক্ষা ছিল। এর আগে আসামিরা সাজেদার বাসায় গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ করা হয়। এতে তিনি বাধা দিলে আসামিরা ক্ষিপ্ত হয়ে তার মুখে কসটেপ লাগিয়ে হাত বেঁধে ফেলেন এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।
পরে পরীক্ষা শেষে বাসায় ফিরে মেয়েটি মেঝেতে তার মায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের স্বামী হাফিজুল ইসলাম বাদী হয়ে ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে সোমবার আদালত এ রায় দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর শাহানুর রহমান শাহিন।
এমএস/