দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের ডাসার উপজেলা থেকে আহত অবস্থায় একটি বিরল গ্রে ফিশ ঈগল উদ্ধার করেছে বন বিভাগ। পাখিটির ডানায় আঘাতের চিহ্ন রয়েছে এবং এটি উড়তে পারছে না। বর্তমানে জেলা প্রাণিসম্পদ কার্যালয় ও বন বিভাগের তত্ত্বাবধানে পাখিটির চিকিৎসা চলছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পাথুরিয়ারপাড় এলাকার একটি পরিত্যক্ত জঙ্গলে আহত অবস্থায় পাখিটিকে দেখতে পান স্থানীয়রা। পরে তারা বন বিভাগে খবর দিলে কর্মকর্তাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে পাখিটিকে উদ্ধার করে।
উদ্ধারের পর পাখিটির ডান পাশের ডানায় ক্ষত দেখতে পান বন বিভাগের কর্মকর্তারা। পরে পাখিটিকে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ক্ষতস্থানে ওষুধ প্রয়োগের পাশাপাশি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। বর্তমানে বন বিভাগের একটি খাঁচায় রেখে পাখিটিকে মাছ ও মাংস খেতে দেওয়া হচ্ছে।
মাদারীপুরের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পাওয়ার পর শনিবার পাখিটিকে উদ্ধার করা হয়। গ্রে ফিশ ঈগল এ অঞ্চলে খুব একটা দেখা যায় না। মাদারীপুরেও এটি বিরল প্রজাতির পাখি হিসেবে পরিচিত।
তিনি আরও বলেন, জেলা প্রাণিসম্পদ কার্যালয় ও বন বিভাগের তত্ত্বাবধানে পাখিটির চিকিৎসা চলছে। চিকিৎসা শেষে পাখিটি সুস্থ হয়ে উড়তে পারলে মাদারীপুরের কোনো উন্মুক্ত স্থানে অবমুক্ত করা হবে। আর উড়তে না পারলে সেটিকে খুলনা বন বিভাগের প্রাণী সংরক্ষণ কার্যালয়ে পাঠানো হবে।
এমএস/