দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আদালতের নির্দেশে গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) গাজী হাফিজুর রহমান লিকুর শ্যালক শেখ মো. ইকরাম হালিমের ১০ তলা ভবন ‘স্বর্ণা টাওয়ার’ ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে জেলা শহরের গোবরা নিলার মাঠ এলাকায় অবস্থিত ভবনটিতে অভিযান চালিয়ে মালামালের তালিকা তৈরি করা হয়। পরে ভবনটি ক্রোক করে রিসিভার নিয়োগ দেওয়া হয়।
ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের আদেশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গণপূর্ত বিভাগ, বিদ্যুৎ বিভাগ ও গোপালগঞ্জ পৌরসভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আদালতের নির্দেশে ভবনটি পরিচালনার জন্য দুদক গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল লতিফ হাওলাদার ও উপসহকারী পরিচালক আফছার উদ্দিনকে রিসিভার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৩ জানুয়ারি দুদক সমন্বিত কার্যালয় ঢাকা-০১-এ একটি দুর্নীতি মামলা দায়ের করা হয়। ওই মামলায় একই বছরের ২৬ জুন ও ২৪ আগস্ট আদালত সম্পত্তি ক্রোকের আদেশ দেন।
দুদক গোপালগঞ্জ কার্যালয়ের উপসহকারী পরিচালক ও নবনিযুক্ত রিসিভার আফছার উদ্দিন জানান, আদালতের নির্দেশে শেখ মো. ইকরাম হালিমের ১০ তলা ভবনটি আনুষ্ঠানিকভাবে ক্রোক করে দখলে নেওয়া হয়েছে। ভবনটিতে মোট ৩০টি আবাসিক ইউনিট, লিফট, সিসিটিভি ক্যামেরা, রাউটারসহ বিভিন্ন আসবাবপত্র রয়েছে।
তিনি জানান, এখন থেকে ভবনের সার্বিক দেখভাল, রক্ষণাবেক্ষণ, রাজস্ব আদায় ও প্রশাসনিক ব্যবস্থাপনার দায়িত্ব রিসিভাররা পালন করবেন।
দুদক জানিয়েছে, অবৈধ উপায়ে অর্জিত সম্পদের বিরুদ্ধে চলমান আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এমএম/