দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে অটোরিকশা ছিনতাই করতে গিয়ে দুই চালককে হত্যার ঘটনায় সাতজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে আবদুল ওয়াদুদ ওরফে মানিককে ‘সিরিয়াল কিলার’ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ বলছে, বেশি ভাড়ার কথা বলে অটোরিকশাচালকদের নির্জন এলাকায় নিয়ে যাওয়া হতো। সেখানে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে যেত চক্রটি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে কুমিল্লায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান।
গ্রেপ্তার অন্যরা হলেন শাহেদ, ফাহিম, সেলিম, জোবায়ের হোসেন সুজন, নূর আলম ও গিয়াস উদ্দিন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১২ আগস্ট নাঙ্গলকোটের আতিয়াবাড়ী এলাকায় একটি অর্ধগলিত লাশ পাওয়া যায়। পরে সেটি অটোরিকশাচালক মেহেদীর (১৮) বলে শনাক্ত হয়।
ওই হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে মানিক, শাহেদ, ফাহিম ও সেলিমের নাম সামনে আসে। পরে তাদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা মেহেদীকে হত্যার পর অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করেন বলে পুলিশের দাবি। পরে মানিক ও সেলিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
তদন্তের একপর্যায়ে মানিকের কাছ থেকে একটি মুঠোফোন উদ্ধার করে পুলিশ। অনুসন্ধানে জানা যায়, ফোনটি ২৪ জুলাই থেকে নিখোঁজ অটোরিকশাচালক আরমান হোসেনের।
এরপর আরমান নিখোঁজের ঘটনাটিও তদন্তে নেয় পুলিশ। একপর্যায়ে তার অটোরিকশার কাটা বডি উদ্ধার করা হয়। এ ঘটনায় জোবায়ের, নূর আলম ও গিয়াসকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ওই তিনজন অটোরিকশাটি মানিক ও সেলিমের কাছ থেকে পাওয়ার কথা জানান। পরে তারাও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পুলিশের দাবি, পরে আরমান নিখোঁজের মামলায় মানিক ও সেলিমকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, আরমানকে হত্যার পর তাঁর লাশ গুম করার জন্য মনোহরগঞ্জের বিনয়ঘর এলাকার একটি ডোবায় ফেলে দেওয়া হয়েছিল।
গত ১২ সেপ্টেম্বর ওই এলাকা থেকে অজ্ঞাতপরিচয় একটি লাশ উদ্ধার করে মনোহরগঞ্জ থানা পুলিশ। লাশটি আরমানের কি না, তা শনাক্তের প্রক্রিয়া চলছে।
সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে শাহজাহান সাইমন (১৭) নামে এক চালককে হত্যার অভিযোগও রয়েছে মানিকের বিরুদ্ধে। ওই মামলায় গ্রেপ্তারের পর তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে মানিকের বিরুদ্ধে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালকদের হত্যার একাধিক ঘটনায় সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে।
যে আই